<p>কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের কোভিড চিত্র। ভ্যাকসিনের জোগানে সঙ্কট। আজ সরকারি হাসপাতালে বন্ধ ভ্যাকসিনের প্রথম ডোজ। শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিভিন্ন সরকারি হাসপাতালে ভ্যাকসিন যতটা মজুত আছে, তাতে আর দু’দিন চলবে। এর মধ্যে ভ্যাকসিনের জোগান না এলে থমকে যাবে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়াও, এমন আশঙ্কা প্রকাশ করেছেন চিকিত্‍সকদের একাংশ।</p> <p>বেলেঘাটা আইডি হাসপাতালে প্রথম ডোজ যে দেওয়া হবে না, সেই নোটিস দেওয়া হয়েছে। মানিকতলা ইএসআই হাসপাতালে প্রথম ডোজ দেওয়া হয়নি। অথচ নোটিসও টাঙানো হয়নি। এ নিয়ে সকালে কিছুটা বিক্ষোভ হয়। বেসরকারি হাসপাতালেও আজ বন্ধ আছে টিকাকরণ। স্বাস্থ্যকর্মীদের দ্বিতীয় ডোজ দেওয়ার পর শুরু করা হবে প্রথম ডোজ দেওয়া। এমনই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।</p> <p>শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় দেখা দিয়েছে কোভিড ভ্যাকসিন সংকট। মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়ি, ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার হলেন মানুষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না ভ্যাকসিন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে টিকাকরণ। ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির ছবি ধরা পড়ল জলপাইগুড়ি হাসপাতালেও। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ ভিড় করছেন।</p>
from coronavirus https://ift.tt/3aXMo3K
