ওয়াশিংটন: করোনা আবহে ফের ভারতের পাশে থাকার অঙ্গীকার করল আমেরিকা।

প্রয়োজনের সময়ে ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন। ঘোষণা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।

ওয়াশিংটনে এক অনুষ্ঠানে হ্যারিস বলেন, অনেকেই জানেন- আমার বংশধররা ভারতীয়। আমার মা ভারতে জন্মগ্রহণ করেছেন, সেখানেই বড় হয়েছেন। এখনও আমার পরিবারের সদস্যরা ভারতে থাকেন।

সেখানে যেভাবে ভয়াবহ হয়ে উঠেছে কোভিড-১৯, তা সত্যিই হৃদয় বিদারক। বর্তমান এই সময়ে ভারতের পাশে দাঁড়ানো, ভারতের কল্যাণে কাজ করা আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

হ্যারিস বলেন, করোনার শুরুতে ভারত আমেরিকাকে খুবই সাহায্য করেছিল, ওষুধ পাঠিয়েছিল। এখন তাদের সাহায্য প্রয়োজন, বন্ধু দেশের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আমেরিকা।

গত ২৬ এপ্রিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভারতকে সহায়তার কথা জানিয়েছিলেন।

এরপরই, কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা করেছে বাইডেন-হ্যারিস প্রশাসন। ৬টি বিমান ভর্তি কোভিড-সামগ্রী ভারতে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারতের পাশে দাঁড়িয়েছে সেদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও বংশোদ্ভূতরাও। ভারতে বিভিন্ন জীবনদায়ী ও মেডিক্যাল সামগ্রী পাঠাতে অর্থ জোগাড় করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা। ভয়ঙ্কর করোনার ধাক্কায় দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড হয়েছে দেশে। চার লক্ষের গন্ডি পেরিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজার ছুঁইছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। বৃহস্পতিবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের। বৃহস্পতিবার একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯৮০। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৭৮০।

ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৮৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪।

from coronavirus https://ift.tt/2PYLahd