কলকাতা: করোনা মোকাবিলায় সিদ্ধান্ত। জুনের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনকার নিয়মেই বাজার-দোকান বন্ধ থাকবে। বাইরে বেরনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। মিষ্টির দোকানও খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগের নিয়মেই খোলা থাকবে সমস্ত জরুরি পরিষেবা।

বিধিনিষেধে সুফল পেয়েছে পশ্চিমবঙ্গ। করোনা সংক্রমণের দৈনিক হার কমেছে রাজ্যে। তাই এই বিধিনিষেধকেই হাতিয়ার করে করোনাকে আরও খানিকটা বাগে আনতে চায় রাজ্য। বৃহস্পতিবার তাই কড়া বিধিনিষেধের সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার স্পষ্ট করেছেন যে, এটা লকডাউন বা কার্ফু নয়। সংক্রমণ রুখতে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে মাত্র। কার্ফু এবং লকডাউনে আলাদা আইন রয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য়বাসীকে ধন্যবাদ দিয়ে এদিন বলেছেন, 'বাধা নিষেধ জারি করায় কোভিড কমেছে। রাজ্যের মানুষ সহযোগিতা করে নিজেরাই নিজেদের রক্ষা করেছে।'

এতদিন পাটশিল্পে ৩০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারতেন। এবার তা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে করোনা সংক্রান্ত সুরক্ষা-বিধি মেনে চলারও কথা মনে করানো হয়েছে। একইসঙ্গে করোনাভাইরাস টিকা নিয়ে নির্মাণ শিল্পে কাজ চালানো যাবে। সে ক্ষেত্রে যাবতীয় করোনা-বিধি পালনের বিষয়টি বাধ্যতামূলক করতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

from coronavirus https://ift.tt/3oYhluu