সঞ্চয়ন মিত্র, কলকাতা: সরস্বতী পুজোর আগেই বিদায়ের পথে শীত। ফাল্গুনের শুরুতেই দখিনা বাতাস জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে।

বাতাসে আর কনকনে ঠান্ডার পরশ নেই। মাফলার-টুপিতে মাথা মুড়ি দিয়ে আর পথ হাঁটছে না শহর। গরম পোশাক আবার ফিরে যেতে চলেছে আলমারির তাকে।

কলকাতায় গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোর আগেই কলকাতা থেকে কার্যত বিদায় নিতে চলেছে শীত। তবে জেলায় আরও কিছুদিন শীতের আমেজ থাকবে।

সকালে কুয়াশা থাকলেও, দিনভর আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ফেব্রুয়ারির এই সময়ে যা স্বাভাবিক। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী সোমবার পর্যন্ত সকালের দিকে হাল্কা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

from home https://ift.tt/3qjDLWX