বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সংসদের দ্বিতীয় দফার বাজেট অধিবেশন মুলতুবির আবেদন জানিয়ে চিঠি তৃণমূলের।

লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারের কাজে ব্যস্ত থাকায়, সংসদে উপস্থিত থাকতে পারবেন না সংশ্লিষ্ট রাজ্যের সাংসদরা। একই আবেদন জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন ডেরেক ও’ ব্রায়েন।

আজ শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা। যাবতীয় কোভিড-১৯ সতর্কতা অবলম্বন করেই অধিবেশন শুরু হয়েছে। রাজ্যসভার অধিবেশেনর সময় দেওয়া হয়েছে সকাল ৯টা থেকে দুপুর ২টো। লোকসভা অধিবেশনের সময় বিকেল ৪টা থেকে রাত ১০টা।

দ্বিতীয় দফার অধিবেশন শেষ হবে ৮ এপ্রিল। এমনটাই জানিয়েছেন স্পিকার ওম বিড়লা। চলতি বাজেট অধিবেশনের প্রথম দফা ২৯ জানুয়ারি শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।

স্পিকার জানান, দুভাগের বাজেট অধিবেশেনর প্রথম দফার জন্য ৫০-ঘণ্টা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে সংসদ বসেছে ৪৯ ঘণ্টা ১৭ মিনিট। যাকে ইতিবাচক বলে মনে করেন ওম বিড়লা।

রাষ্ট্রপতির ভাষণের বক্তব্যের ওপর জবাবি বক্তৃতায় সময় ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১৬ ঘণ্টা। কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার জন্য সময় বরাদ্দ করা হয়েছিল ১০ ঘণ্টা। আলোচনা হয়েছিল প্রায় পৌনে ১৫ ঘণ্টা।

এদিকে, কংগ্রেস সাংসদদের হই-হট্টগোলের জেরে বেলা ১১টা পর্যন্ত মুলতুবি হল রাজ্যসভার অধিবেশন।

from home https://ift.tt/3kVQsVV